বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বলা হয়েছে, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।”
শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জেও। তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
