উত্তর প্রদেশের শাসক দল বিজেপির নেতা সঙ্গীত সোম ভারতের হিন্দি সিনেমার মহাতারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। তাঁর ক্ষোভের কারণ, শাহরুখ খান ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে কিনেছেন।
নিলামে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুরকে কিনতে কেকেআর ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয় করেছে। এত টাকা বাংলাদেশের পেসার আগে কখনো পাননি।
মেরঠে এক সভায় সঙ্গীত সোম বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, নারীদের ওপর নির্যাতন চলছে, সরকার নীরব দর্শক। অথচ শাহরুখ ওই দেশের ক্রিকেটারকে ৯ কোটি রুপি দিয়ে কিনছেন। তিনি দাবি করেন, মোস্তাফিজুর যদি দেশে খেলতে আসেন, বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে না।
সঙ্গীত সোমের মন্তব্যকে সমালোচনা করেছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী নেতা মাতা প্রসাদ পান্ডে ও কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তারা বলেন, শাহরুখকে দেশদ্রোহী বলা হচ্ছে শুধু মুসলিম বলে, আসল গাদ্দার হল বিজেপি। এছাড়া বিজেপির শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের বক্তব্যের সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সঙ্গীত সোম বরাবর বিতর্কিত ব্যক্তি। ২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় তার নাম উঠে আসে। ২০১৬ সালে কৈরানা জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার পর বহু হিন্দু পরিবার চলে গেলে তিনি রাজ্য সরকারের কাছে তাদের ফিরিয়ে আনার জন্য ১৫ দিনের সময় চেয়েছিলেন। ২০১৭ সালে তাজমহলকে ভারতীয় সংস্কৃতির কলঙ্ক বলে মন্তব্য করেছিলেন।
গত মাসে আইপিএলের নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার অংশ নিয়েছিলেন। মোস্তাফিজুর রহমান ছাড়াও ছিলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
Jatio Khobor