গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
তাহরিমা জান্নাত ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় ছাত্রশক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, “তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনে তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমি তাঁকে চিনি, তবে তিনি আমাদের কোনো কমিটির সদস্য নন।”
তিনি আরও বলেন, “যদি কোনো মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়ে থাকে, সে বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে সরকারসংশ্লিষ্ট কারও বিষয়ে কথা বলার কারণে যদি তাঁকে আটক করা হয়ে থাকে, সেটি দুঃখজনক।”
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটি করেছেন সাংবাদিক নাইমুর রহমান (দুর্জয়)। অভিযোগে বলা হয়েছে, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিংয়ের সঙ্গে তাহরিমা জড়িত ছিলেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আজ বৃহস্পতিবার সকালে জানান, মামলার পরিপ্রেক্ষিতেই তাহরিমা জান্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Jatio Khobor