বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) গণসংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী জড়ো হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর থেকেই হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে তাঁরা সংবর্ধনাস্থলে আসতে থাকেন।
দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে তাঁর। তাঁকে স্বাগত জানাতে সেখানে অপেক্ষায় আছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা।
কুড়িল মোড়ের সড়ক থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কুড়িল মোড় থেকে কিছুটা দূরে সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য আসন নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুড়িলসংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি। এ সময় তাঁরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’—এমন নানা স্লোগান দেন।
গণসংবর্ধনা উপলক্ষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় কয়েকটি ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে, যাতে দূর থেকেও নেতা–কর্মীরা মূল মঞ্চের অনুষ্ঠান দেখতে পারেন। পাশাপাশি রাস্তার ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক।
অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও সেখানে রয়েছেন।
কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল বলেন, “দীর্ঘদিন আমরা আমাদের নেতার অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার অবসান হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি নিশ্চিত হবে।”
দলীয় সূত্রে জানানো হয়েছে, জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনে দেশে ফিরছেন তারেক রহমান। বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে তাঁকে স্বাগত জানিয়ে পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে নেওয়া হবে। সংবর্ধনা শেষে তিনি তাঁর মা, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।
Jatio Khobor