রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে ওই কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে পৌঁছালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, রুহুল কবির রিজভীসহ দলীয় নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ দলের জ্যেষ্ঠ নেতারা ও মিডিয়া সেলের প্রতিনিধিরা।
গাড়ি থেকে নেমে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয় ভবনে প্রবেশ করেন। পরে তিনি দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গুলশানের এই রাজনৈতিক কার্যালয়টি খোলা হয়েছিল। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে, যা চেয়ারপারসনের কক্ষের পাশেই অবস্থিত।
এর আগে গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিনে তিনি সপরিবারে লন্ডনে যান। পরবর্তীতে বিভিন্ন কারণে দীর্ঘদিন তিনি দেশে ফিরতে পারেননি।
দেশে ফেরার পর তিনি পূর্বাচলে বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন এবং দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পাশাপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও বিভিন্ন শহীদের কবর জিয়ারত করেন।
দেশে ফেরার পর প্রয়োজনীয় নাগরিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত কার্যক্রমও সম্পন্ন করেছেন।
Jatio Khobor