সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানায় একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদ্যাপন চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে বৃহস্পতিবার জানিয়েছে সুইজারল্যান্ড পুলিশ।
ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ নামের স্কি রিসোর্টের বারে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) বিস্ফোরণের পর বারে আগুন ধরে যায়। সে সময় নববর্ষ উদ্যাপন উপলক্ষে বারে শতাধিক মানুষের ভিড় ছিল।
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শুরুতে হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছিল, ঘটনার সময় বারের ভেতরে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড বলেন, ঘটনাটিকে এখন একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি আর সম্ভাব্য হামলা বলে মনে করা হচ্ছে না। তাঁর ভাষায়, প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাঁদের বেশির ভাগের অবস্থা গুরুতর। এ ছাড়া বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আহত ব্যক্তিদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার জানান, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার বলেন, হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
সুইজারল্যান্ড পুলিশ নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে পুলিশের তথ্যের বরাতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আকাশপথেও ওই এলাকার ওপর দিয়ে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
Jatio Khobor